Ticker

6/recent/ticker-posts

নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল

 



নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল


কুড়িগ্রামের নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ দলিল লেখক সমিতি, নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি অফিস প্রাঙ্গণে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।


প্রতিবাদ সভা শেষে দলিল লেখকরা ব্যানার নিয়ে শহরের প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন। এ সময় তারা ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


সভায় দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিলপ্রতি সম্মানী ভাতা ন্যূনতম ৫০০ টাকা বাস্তবায়ন, লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কাউকে দলিল লেখা বা মুসাবিদা করতে না দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।


এছাড়া থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার ও নামাজের স্থান নির্মাণ, দলিল লেখকদের পেশাগত কারণে হয়রানি না করা, অভিজ্ঞতা ছাড়া দলিল লেখার লাইসেন্স প্রদান বন্ধ এবং দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দেওয়ার দাবিও জানানো হয়।


প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা দলিল লেখক সমিতির সভাপতি ও নাগেশ্বরী দলিল লেখক সমিতির সভাপতি মো. রবিউল আলম রানা। বিশেষ অতিথি ছিলেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম জেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ মো. হাফিজুর রহমান।

সভা সঞ্চালনা করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সদস্য মো. সাকিল আলম। সভাপতিত্ব করেন নাগেশ্বরী দলিল লেখক সমিতির সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম।


বক্তারা বলেন, দলিল লেখকদের পেশাগত অধিকার ও ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরও কর্মসূচি গ্রহণ করা হবে।

Post a Comment

0 Comments