কুড়িগ্রামে ৩০০ পিস ইয়াবাসহ হাতেনাতে ধরা পড়ল কুখ্যাত মাদক কারবারি
মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য অর্জন করেছে কুড়িগ্রাম থানা পুলিশ। গত কাল (২১ সেপ্টেম্বর) দুপুরের এক ঝটিকা অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ ইমন আলী (৩৫) নামে এক মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রের খবর, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর আনুমানিক ২:৪৫ মিনিটে কুড়িগ্রাম থানা পুলিশের একটি চৌকস টিম যাত্রাপুর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড সরদারপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি কচাকাটা থানার নারায়নপুর (পাখিউড়া) এলাকার এই মাদক কারবারির। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট।
এ ঘটনার পর কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই "জিরো টলারেন্স" অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, ছাড় দেওয়া হবে না!

0 Comments