নাগেশ্বরীর ভিতরবন্দে জনসেবায় সক্রিয় জুয়েল, বিএনপির মনোনয়ন পাওয়ার প্রত্যাশা
নাগেশ্বরী প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা নিজ নিজ অবস্থান তৈরি ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় উক্ত ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা মনজুরুল আলম জুয়েল। তাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের মাঝে ব্যাপক আলোচনা ও আগ্রহের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, মনজুরুল আলম জুয়েল দীর্ঘদিন ধরে তৃণমূল মানুষের সুখ-দুঃখে পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছেন। এলাকার একজন সৎ, নীতিবান ও নিবেদিতপ্রাণ ব্যক্তি হিসেবে সাধারণ মানুষের মাঝে রয়েছে তার সুপরিচিতি। বিশেষ করে প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা, মসজিদ-মাদ্রাসায় অনুদান প্রদানসহ এলাকার নানা সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে তিনি প্রত্যক্ষভাবে ভূমিকা রেখে চলেছেন।
এলাকাবাসীর প্রত্যাশা, আসন্ন ইউপি নির্বাচনে তিনি বিএনপি থেকে চূড়ান্ত মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের কাঁচা-পাকা রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের সুযোগ-সুবিধা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবেন।
মনোনয়ন প্রত্যাশা ও নির্বাচন ভাবনার বিষয়ে মনজুরুল আলম জুয়েল বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম প্রতিকূল পরিবেশ ও জীবনঝুঁকি নিয়ে আমি দলের সব ধরনের নীতি-নির্ধারণী কার্যক্রম ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলাম। দলের দুর্দিনে যেমন নেতাকর্মী ও সাধারণ মানুষের পাশে ছিলাম, তেমনি এলাকার মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সাধ্যমতো সহযোগিতা করেছি। বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে অসহায় মানুষের সেবা নিশ্চিত করার চেষ্টা চালিয়েছি।”
ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “দল যদি আমার ত্যাগের মূল্যায়ন করে আমাকে মনোনয়ন দেয় এবং জনগণের ভোটে আমি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তবে আমার প্রথম কাজ হবে ভিতরবন্দ ইউনিয়নকে সম্পূর্ণ 'মাদকমুক্ত' হিসেবে গড়ে তোলা। জনগণের আস্থা ও প্রত্যাশা অনুযায়ী অবহেলিত এলাকার সার্বিক উন্নয়ন এবং মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব, ইনশাআল্লাহ।”
স্থানীয় সরকার ব্যবস্থায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে জনগণের সঙ্গে প্রত্যক্ষ সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মনজুরুল আলম জুয়েলের প্রার্থী হওয়ার ইচ্ছাকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় ভোটাররা। তারা মনে করছেন, তার মতো একজন সমাজসেবক ও নিবেদিতপ্রাণ ব্যক্তি জনপ্রতিনিধি নির্বাচিত হলে ভিতরবন্দ ইউনিয়নের সার্বিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।

0 Comments