দুধকুমার নদে নিষিদ্ধ সময়ে মা ইলিশ আহরণ, অবৈধ কারেন্ট জাল, চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সমন্বিত ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে
কুড়িগ্রাম জেলার ভূরুংগামারী উপজেলায় অবস্থিত দুধকুমার নদের বিভিন্ন স্থানে ইলিশ মাছ আহরণের নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ধরা, অবৈধ কারেন্ট ও চায়না দুয়ারি জালের বিরুদ্ধে সমন্বিত অভিযান পরিচালনা করেছে উপজেলা মৎস্য অফিস ও ভূরুংগামারী থানা পুলিশ। অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করে শেষ সপ্তাহ পর্যন্ত ভরা পূর্ণিমা ইলিশ মাছের ডিম পাড়ার সময়। এই সময়ে সমুদ্র থেকে ডিম পাড়ার জন্য মা ইলিশ মাছ উজানের নদীগুলো দিয়ে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে পড়ে। এসময় যাতে ব্যাপক ভাবে মা ইলিশ নিধন করা না হয় সেজন্য বাংলাদেশ সরকার অক্টোবর মাসের ০৮ হতে ২৯ তারিখ পর্যন্ত ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে। দেশব্যাপী মা ইলিশ মাছ আহরণ, অবৈধ জাল ও বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসাবে ভূরুংগামারী উপজেলার দুধকুমার নদেও সমন্বিত সাঁড়াশি অভিযান পরিচালনা করে উপজেলা মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি, ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন সহ দায়িত্বশীল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
রাতব্যাপী পরিচালিত অভিযানে দুধকুমার নদের সামাদের ঘাট হতে আন্ধারিঝাড়ের ধাউরারকুঠি পর্যন্ত বিভিন্ন স্থান হতে কয়েক কিলোমিটার চায়না ও দুয়ারি জাল জব্দ করা হয়। এছাড়া আইপিএস ও ব্যাটারি ব্যবহার করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ আহরণের মাধ্যমে জলজ জীব-বৈচিত্র্য নিধনের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। তবে এসময় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি। সরু ও চরবেষ্টিত নদী হওয়ার দূর হতে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন জেলে নিরাপদ স্থানে সরে যায়। মৎস্য প্রজাতির রক্ষায় এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

0 Comments