Ticker

6/recent/ticker-posts

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য নিয়োগ, এলাকায় ক্ষোভ

 



ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে ইউপি সদস্য নিয়োগ, এলাকায় ক্ষোভ


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা খাতুনকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।


স্থানীয়দের অভিযোগ, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজে সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানে নিয়মিত বেতনে কর্মরত ব্যক্তিদের অযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে। এমন বিধান থাকলে একজন নির্বাচিত জনপ্রতিনিধি কীভাবে একই দায়িত্বে তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পেলেন—এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।


জানা গেছে, পাইকেরছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য রেহানা খাতুন ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি একই সঙ্গে নির্বাচিত জনপ্রতিনিধি ও তথ্য সংগ্রহকারী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন কি না, এ বিষয়ে কোনো বিধিনিষেধ রয়েছে কি না এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কীভাবে তাকে নিয়োগ দিয়েছে—তা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে।


এলাকাবাসীর দাবি, ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশনা, যোগ্যতার শর্ত এবং দায়িত্ব পালনের বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করা প্রয়োজন।


স্থানীয় সচেতন মহলের মতে, বিষয়টি নিয়ে জনমনে তৈরি হওয়া প্রশ্নের জবাব দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত নিয়োগের প্রক্রিয়া ও যোগ্যতার শর্ত পরিষ্কার করা। প্রয়োজনে বিষয়টি তদন্ত করে নিয়মবহির্ভূত কিছু পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।


এ বিষয়ে ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য জানতে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।


অন্যদিকে, রেহানা খাতুনের বক্তব্য জানতে একাধিকবার তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Post a Comment

0 Comments