নাগেশ্বরী মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে প্রকাশিত সংবাদ মিথ্যা ও বানোয়াট
সম্প্রতি “নাগেশ্বরী উপজেলা মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ সংশ্লিষ্টদের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদে নাগেশ্বরী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ইমাম মাওলানা রেজাউল করিম মামুনের বিরুদ্ধে দায়িত্ব পালনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
তবে প্রকাশিত সংবাদে উত্থাপিত অভিযোগগুলোকে অসত্য, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় মুসল্লি মো. মজিবুর রহমান ও শাহাদাৎ-এর সঙ্গে সরেজমিনে কথা বলে জানা যায়, ইমাম মাওলানা রেজাউল করিম মামুন বরং গত ৯ মাস ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না বলে তারা জানিয়েছেন। একই বিষয়ে ইমামের কাছ থেকেও একই বক্তব্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট মুসল্লিদের দাবি, কোনো ধরনের যথাযথ যাচাই-বাছাই না করে এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য গ্রহণ না করেই সংবাদটি প্রকাশ করা হয়েছে। সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী, কোনো অভিযোগ প্রকাশের আগে ব্যক্তির বক্তব্য গ্রহণ ও তথ্য যাচাই করা প্রয়োজন বলেও তারা উল্লেখ করেন।
বিশেষ করে, তিনি একই সঙ্গে দুই প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করছেন এবং সরকারি বেতন-ভাতা গ্রহণ করছেন—প্রকাশিত প্রতিবেদনে থাকা এমন তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে।
এছাড়া তিনি নিয়মিত কর্মস্থলে অনুপস্থিত থাকেন কিংবা দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনে অনিয়ম করছেন এমন অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণও পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট মুসল্লিরা জানান।

0 Comments