Ticker

6/recent/ticker-posts

পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভূরুংগামারীতে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

 




পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে ভূরুংগামারীতে ৫৫টি ভারতীয় চোরাই মোবাইলসহ আটক ১

কুড়িগ্রামের ভূরুংগামারীতে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) যৌথ সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোঃ এনামুল হক অন্তর (২৬) নামের এক চোরাকারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

​পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকায় গোপন ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ ও ২২ বিজিবির ধলডাংগা ক্যাম্পের একটি দল যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে বিএসসি পাড়া এলাকার উত্তর তিলাইয়ের মো: ময়েন আলীর ছেলে মোঃ এনামুল হক অন্তরের বসতবাড়ির হাঁস-মুরগীর খোঁয়াড় থেকে লুকানো অবস্থায় ৫৫টি ভারতীয় ব্যবহৃত চোরাই মোবাইল উদ্ধার করা হয়। একই সাথে সেখান থেকে অন্তরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ১৩ লক্ষ টাকা।

​স্থানীয়রা জানান, তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকাটি দীর্ঘদিন ধরে অবৈধ মোবাইল চোরাচালানের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। ভারত থেকে চুরি ও ছিনতাই হওয়া এসব অবৈধ ও নিবন্ধনহীন (IMEI) মোবাইল সীমান্ত অতিক্রম করে এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো। ঢাকা, রংপুরসহ দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা এসে এখান থেকে এসব ফোন কিনে নিয়ে যেতেন, যা পরবর্তী সময়ে বিভিন্ন অপকর্মে ব্যবহৃত হচ্ছিল।

​উক্ত যৌথ আভিযানিক দলটিতে নেতৃত্ব দেন ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, ভূরুংগামারী থানার এসআই সাইফুল ইসলাম, আল-আমিন ও আসাদুজ্জামান এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাংগা ক্যাম্প কমান্ডার সুবাদার মোঃ মতিউর রহমান।

​এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আসাদমোড় এলাকাটি দীর্ঘদিন ধরেই চোরাকারবারিদের আখড়া হয়ে উঠেছিল। সীমান্ত নিরাপত্তা ও অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় বিজিবির সাথে সমন্বয় করে এমন সুপরিকল্পিত যৌথ অভিযান ও নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

​আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Post a Comment

0 Comments