কচাকাটায় জরাজীর্ণ ব্রিজ: চরম ঝুঁকিতে ৪০০ শিক্ষার্থী ও দুই ইউনিয়নের হাজারো মানুষ
কুড়িগ্রামের কচাকাটা বাজার থেকে সাতানা যাওয়ার প্রধান সড়কের জরাজীর্ণ ব্রিজটি এখন স্থানীয়দের জন্য এক আতঙ্কের নাম। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে থাকলেও ব্রিজটি সংস্কারে নেয়া হয়নি কোনো কার্যকর পদক্ষেপ। ফলে প্রতিদিন জীবন ও ঝুঁকি হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে কচাকাটা ও কেদার ইউনিয়নের হাজার হাজার মানুষকে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রিজটির পূর্ব পাশে দুই ইউনিয়নের বিপুলসংখ্যক মানুষের বসবাস। এছাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একটি মহিলা মাদ্রাসা এবং দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে পরিচিত 'শিশু নিকেতন কচাকাটা বাজার কে জি স্কুল' অবস্থিত। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় চার শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিদিন কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এই বিপজ্জনক ব্রিজ পার হয়েই যাতায়াত করতে হয়।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজের বর্তমান অবস্থা এতটাই নাজুক যে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিশেষ করে শিশু শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে মারাত্মক দুশ্চিন্তায় রয়েছেন অভিভাবক ও পরিচালনা পর্ষদের সদস্যরা।
এ বিষয়ে শিশু নিকেতন কে জি স্কুলের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদ এবং কেদার ও কচাকাটা ইউনিয়নের সর্বস্তরের জনগণ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। জনস্বার্থ ও কোমলমতি শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াত নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে ব্রিজটি পরিদর্শন করে তা দ্রুত সংস্কার অথবা নতুন ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি জানিয়েছেন তারা।


0 Comments