কচাকাটায় পুলিশের পৃথক দুই অভিযান: ৪২৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, কুখ্যাত মাদক সম্রাটকে ধরতে অভিযান
কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশ পৃথক দুটি অভিযান চালিয়ে ৪২৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। গত শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার নারায়ণপুর ও গাবতলা এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার প্রথম অভিযানে কচাকাটা থানা পুলিশ নারায়ণপুর ইউনিয়নের বাহারের ঘাট এলাকা থেকে স্থানীয় মাদক নির্মূল কমিটির সহযোগিতায় কুখ্যাত মাদক কারবারি জয়নালের কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করে। তবে দুর্গম চরাঞ্চল ও যোগাযোগবিচ্ছিন্নতার সুযোগ নিয়ে জয়নাল কৌশলে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
একই দিন রাতে পরিচালিত দ্বিতীয় অভিযানে কচাকাটা থানাধীন গাবতলা বাজার এলাকা থেকে ২৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে পুলিশ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাসের নেতৃত্ব ও সার্বিক নির্দেশনায় এলাকাটিতে নিয়মিত মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

0 Comments