ভাই ২০ টাকায় মধ্যাহ্নভোজ: সোনাহাট ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মুখে স্বস্তির হাসি
দূর-দূরান্ত ও চরাঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বস্তির কথা বিবেচনা করে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট ডিগ্রি কলেজে মাত্র ২০ টাকায় দুপুরের খাবারের ব্যবস্থা চালু করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে কলেজ ক্যানটিনে আনুষ্ঠানিকভাবে এই মধ্যাহ্নভোজ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখন থেকে মাত্র ২০ টাকার বিনিময়ে সাধারণ শিক্ষার্থীরা ভাত, ডাল, ডিম, ভর্তা, সবজি, মাংস ও খিচুড়িসহ মানসম্মত বিভিন্ন পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার, ভূরুঙ্গামারী উন্নয়ন সংস্থার সভাপতি ফখরুজ্জামান জেড, প্রতিষ্ঠাতা সদস্য ফয়জার রহমান, সোনাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন বেপারী, জামায়াতের আমির আব্দুল জলিলসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, এই প্রতিষ্ঠানের প্রায় ৮০ থেকে ৯০ শতাংশ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবার থেকে আসা। নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলাসহ আশেপাশের চরাঞ্চল থেকে আসা এই শিক্ষার্থীদের অনেকেই দূরত্বের কারণে বাড়ি থেকে দুপুরের খাবার সাথে আনতে পারেন না। দীর্ঘ সময় না খেয়ে ক্লাস করতে হওয়ায় তাঁদের পড়াশোনায় মনোযাগ ব্যাহত হচ্ছিল। শিক্ষার্থীদের এই কষ্ট লাঘবে অধ্যক্ষ বাবুল আক্তারের বিশেষ উদ্যোগে এ ক্যাফেটেরিয়া সেবা চালু করা হয়।
বর্তমানে প্রতিদিন প্রাথমিক পর্যায়ে ১০০ জন শিক্ষার্থীর জন্য খাবার প্রস্তুত করা হবে এবং এই ভর্তুকির সম্পূর্ণ ব্যয়ভার আপাতত কলেজের নিজস্ব তহবিল থেকে বহন করা হবে বলে জানিয়েছে কলেজ প্রশাসন। ২০ টাকায় পেটভরে খাবারের সুযোগ মেলায় সন্তোষ প্রকাশ করেছেন দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা।

0 Comments